নিজস্ব প্রতিবেদক : ঘোষণার একদিন যেতে না যেতেই জনসভা পেছোনোর ঘোষণা দিলো বিএনপি। বৃহস্পতিবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে ১১ মার্চ রাজধানীতে জনসভা করার ঘোষণা দেয় দলটি। কিন্তু শুক্রবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের সিদ্ধান্তে জনসভা একদিন পেছানো হয়েছে। জনসভা হবে ১২ মার্চ (সোমবার)।
খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর ২২ ফেব্রুয়ারি একদফা জনসভার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত অনুমতি পায়নি বিএনপি। এবারের ঘোষণা অনুযায়ী ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি নিচ্ছে দলটির কেন্দ্রীয় কমিটি।
এ বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, জনসভা বাস্তবায়নে ইতোমধ্যে দলের পক্ষ থেকে প্রক্রিয়া শুরু করা হয়েছে। আর জনসভা পেছানোর ক্ষেত্রে অন্য কোনো কারণ নেই। আর ভালো প্রস্তুতির জন্যই দলের সিদ্ধান্তে একদিন পেছানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে রিজভী বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গণপূর্ত বিভাগে চিঠি দিয়েছি। আশা করি জনসভা সফলভাবে সম্পন্ন করতে তারা সহযোগিতা করবে। চেয়ারপারসনের মুক্তি দাবিতে ১০ মার্চ খুলনা বিভাগীয় শহরে জনসভা করবে বিভাগীয় বিএনপি।


