পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাসাউফভিত্তিক আধ্যাত্মিক আর্ত-সামাজিক ধর্মীয় সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (৫ জানুয়ারি) সগির আহমদ চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মুজাহিদ কমিটি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়ে শনিবার (৮ জানুয়ারি) পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যবাহী চরমোনাইযের বার্ষিক মাহফিলের নমুনায় রাতে অল্প সময় ঘুমানো ছাড়া তিন দিনের পুরো সময় দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও পীর মশায়েখ ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং সরাসরি পীর সাহেব চরমোনাইয়ের তত্ত্ববধানে তালীম-তারবিয়া ও জিকির-আজকার অনুষ্ঠিত হবে।
চরমোনাইর পীর সাহেব আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আখেরি মুনাজাত পরিচালনাসহ ৭টি বয়ান পেশ করবেন। এতে নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ওয়াজ মাহফিলে নারীদের জন্য যথাযথ পর্দার সাথে পৃথক প্যান্ডেলে অংশগ্রহণের সুযোগ রয়েছে। এছাড়াও ৩ দিনের এই মাহফিল ‘চরমোনাইভিএস (charmonaivs) ডট নেট’ ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হবে।


