শিক্ষামন্ত্রী : সরকার স্কুল বন্ধ করতে চায় না, সিদ্ধান্ত আগামীকাল

শিক্ষামন্ত্রী : সরকার স্কুল বন্ধ করতে চায় না, সিদ্ধান্ত আগামীকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে আবারও করোনার সংক্রমণ বেড়ে চলায় শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার কোভিড-১৯–সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। টিকা নিয়ে যেনো শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসে—সে ব্যবস্থা করা হচ্ছে।’

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর ইমপেরিয়াল কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অমিক্রন বৃদ্ধির প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সরকারের ভাবনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আজ আমাদের মন্ত্রণালয়ে নিজেদের মধ্যে আলাপ আছে। আগামীকাল কোভিড-১৯–সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে নির্ধারিত বৈঠক আছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের ধারণা ছিল, মার্চে গিয়ে সংক্রমণ বাড়বে। কিন্তু এখন জানুয়ারির গোড়ায় বাড়তে শুরু করেছে। কাজেই যে পরিকল্পনা, তাতে কিছুটা সমন্বয়ের দরকার হবে। কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। টিকা নিয়ে শিক্ষার্থীরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে আসে— সে ব্যবস্থা করা হচ্ছে। হয়ত একটু অসুবিধা হতে পারে—যারা ১২ বছরের কম বয়সী তাদের। সে বিষয়গুলো নিয়েও আমরা সিদ্ধান্ত নেবো।’

শিখন ঘাটতি পূরণে নিরাময়মূলক ক্লাস নেওয়ার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, গত দেড় বছর শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পারেনি। এতে যে ঘাটতি হয়েছে তাতে শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে সে ঘাটতি পূরণ করতে হবে। কিন্তু যেভাবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছেন অনেকে, তাতে করোনা সংক্রমণ বাড়লে শিক্ষার ক্ষতিটাই বেশি হবে, সেটা মাথায় রেখে, সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে—আমরা প্রত্যেকে যেনেও স্বাস্থ্যবিধি মেনে চলি। এটি সবাইকে মানতে হবে। আমি সবার কাছে আবেদন জানাবো সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান বা অন্য যে কোনও ধরনের অনুষ্ঠান হোক আমরা সবাই যেনও স্বাস্থ্যবিধি মেনে চলি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *