পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সীমান্তে লেথাল আর্মস (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনায় এই সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর ১টায় র্যাব-১৩ রংপুর, কর্তৃক কুড়িগ্রামে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশ-ভারত ভ্রাতৃপ্রতীম দেশ। সীমান্তের ওপারে যারা থাকেন তাদের সঙ্গে এপারের সীমান্তবর্তী বাসিন্দাদের নানা কাজে সুসম্পর্ক থাকে। হয়তো মনের টানে নিজের অজান্তে অনেকে সীমানা অতিক্রম করে ফেলেন। হয়তো অনেকে যেটা করা উচিত নয় সেটাও করে ফেলেন। এ জন্য মাঝে মাঝে দুই-একটি ঘটনা ঘটে যায়।’
লেথাল অস্ত্রঃ প্রাণহরণের উদ্দেশ্যে তৈরি বা প্রাণহরণের সক্ষমতা রাখে এমন অস্ত্র
নন লেথাল অস্ত্রঃ প্রাণহরণের সক্ষমতা রাখে না এমন অস্ত্র। রাবার বুলেট, স্পঞ্জ গ্রেনেড, টিয়ারগ্যাস ইত্যাদি।
সীমান্তে হত্যা বন্ধে গৃহীত উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা হয়েছে।
সিদ্ধান্ত হয়েছে, সীমান্ত হত্যা বন্ধ হবে এবং লেথাল আর্মস ব্যবহার করা হবে না। তারপরও মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যায়। এই ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সবাই আন্তরিক।’


