মাওলানা জাফরুল্লাহ খান ইন্তেকাল করেছেন

মাওলানা জাফরুল্লাহ খান ইন্তেকাল করেছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির মাওলানা জাফরুল্লাহ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। জানা গেছে তিনি কিডনির রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

মাওলানা জাফরুল্লাহ খান ঢাকার কেরানীগঞ্জের দিয়ানগরের মাশরাবুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত কামরাঙ্গীরচর জামেয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

জাফরুল্লাহ খানের ছাত্র মাওলানা রাশিদুল হক গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে তিনিসহ জাফরুল্লাহ খান চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় যান। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তিনি অজ্ঞান হয়ে যান। এর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

মাওলানা জাফরুল্লাহ খান দীর্ঘদিন মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ছিলেন। পরে তাকে মহাসচিব পদ থেকে বাদ দিলে তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলন নামে নতুন দল করে তার আমির হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *