তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। মাঘের শুরুতেই মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে সর্ব উত্তরের এই জেলা।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫-১০০ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৬ নটিক্যাল মাইল।

দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাটসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

শীতের প্রকোপ আগামী কয়েক দিন অব্যাহত থাকবে। তবে, অতিরিক্ত কুয়াশা ও উত্তর-পশ্চিম অঞ্চল থেকে আসা হিমালয়ের শীতল বায়ু প্রবাহের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। শীতে কাতর হয়ে পড়েছেন শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, এই সপ্তাহের মধ্যে এর থেকে আরও নিচে তাপমাত্রা নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। আবহাওয়া অফিসের ভাষায়- তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্য প্রবাহ হিসেবে ধরা হয়।

পঞ্চগড় জেলায় হতদরিদ্র, অসহায় মানুষের মাঝে সরকারি-বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *