পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টানা ৮১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ব্যক্তিগত মেডিকেল টিমের সিদ্ধান্তে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। এর আগে মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এভারকেয়ার হাসপাতাল মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কথা জানান মেডিকেল বোর্ডের সদস্যরা।
তারা জানান, এ মুহূর্তে খালেদা জিয়ার শরীরে বড় ধরনের রক্তক্ষরণের কোনো সম্ভাবনা না থাকলেও ছোটখাট রক্তক্ষরণ হচ্ছে। যার চিকিৎসা বাড়িতে সম্ভব।
মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসক ফখরুদ্দিন সিদ্দিক বলেন, বিপদমুক্ত হলেও এখনও সুস্থ নন খালেদা জিয়া। তিনি এখনও দুর্বল শারীরিক অবস্থায় রয়েছেন।
মেডিকেল বোর্ড আরও জানায়, এ বছরের জানুয়ারি মাসে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের ৩৮০ জন ডাক্তার, সহকর্মী এবং কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। বাস্তব পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি, এখানে খালেদা জিয়ার অবস্থান আরও ঝুঁকিপূর্ণ।
ফখরুদ্দিন সিদ্দিক বলেন, তার শারীরিক অবস্থার কোনো স্থায়ী সমাধান না হলেও আমরা বলতে পারি তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। ভবিষ্যতে তার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতে পারে। তবে আপাতত আরও ২-৩ মাস তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকতে পারে। আবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কোনো কিছুর শতভাগ গ্যারান্টি নেই।


