পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার (৫ ফেব্রুয়ারি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি কমে গেলেই শৈত্যৃপ্রবাহ শুরু হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ দেশের পশ্চিমাঞ্চল ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এ শেষ নাগাদ দেশের কোথাও কোথাও বজ্রঝড় ও শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, এ বছর শীতকালে ঘূর্ণিঝড় না হলেও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। আবার, কাল বৈশাখীর আগে শিলা বৃষ্টি না হলেও এ বছর সেটাও হয়েছে। ঋতু চক্র পরিবর্তনের নিয়ম আর আগের মতো নেই।
বৃষ্টি কমে গেলেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে মৃদু শৈত্য প্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
এদিকে, আবহওয়া অফিসের তথ্যানুযায়ী, জানুয়ারি মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৪.২% বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে, রাজধানীসহ, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।


