পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেন থেকে এবার সৈন্য সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলো কানাডা। ইউক্রেনে রুশ বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কাতেই নিজেদের সৈন্যদের অস্থায়ীভাবে ইউরোপের অন্যত্র সরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত কানাডা সরকারের।
ফ্রান্সের বার্তাসংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের এক প্রতিবেদনে জানা যায়, রোববার কানাডার প্রতিরক্ষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউক্রেন অবস্থানরত কানাডীয় সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে ইউনিফায়ার মিশনের অংশ হিসেবে ২০১৫ সাল থেকে প্রায় ২০০ কানাডীয় সৈন্য ইউরোপের দেশটিতে অবস্থান করছে।
কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য দেশটিতে মোতায়েন কানাডার কিছু সেনাকে অস্থায়ীভাবে সরিয়ে নেয়ার মানে এই নয় যে ইউক্রেনে কানাডার সামরিক মিশন শেষ হয়ে যাচ্ছে। কানাডা তার সশস্ত্র বাহিনীর সদস্যদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কানাডার সশস্ত্র বাহিনী ইউক্রেনের জনগণ এবং দেশটির নিরাপত্তা বাহিনীর শক্তি আর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।
সৈন্য সরিয়ে নেয়া হলেও ঠিক কত সৈন্য সরিয়ে নেয়া হবে বা অন্য কোন দেশে তাদেরকে স্থানান্তর করা হবে তার কোনোকিছুই স্পষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ।


