পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আসন্ন রমজান মাসে দেশের এক কোটি পরিবার টিসিবি ও ওএমএসের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য কিনতে পারবে। সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জ উদ্বোধন শেষে আজ বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি যাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে কম মূল্যে মানুষ নিত্যপণ্য কিনতে পারে। আগামী রমজান মাসে এক কোটি পরিবারকে টিসিবি এবং ওএমএসের মাধ্যমে সহযোগিতা দেওয়া হবে।
টিপু মুনশি আরো বলেন, টিসিবির মাধ্যমে ৫০ লাখ মানুষকে সুবিধা দেওয়ার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু প্রধানমন্ত্রী এক কোটি পরিবারকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই এই সুবিধার আওতা বাড়ানো হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য, এমপি আহসান আদেলুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হেদায়তুল্লাহ রণ, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


