ব্রিটেনে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঝড়

ব্রিটেনে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঝড়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রিটেনে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এক ঝড় শুক্রবার সকাল থেকে আঘাত হানতে শুরু করলে লাখ লাখ মানুষকে তাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

অনেক জায়গাতেই ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শত শত স্কুল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কমপক্ষে ৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে

ব্রিটিশ সরকার বলছে, পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ইউনিসের আঘাতে আয়ারল্যান্ডে ৫৫ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঝড়ের গতি এতোটাই তীব্র যে কিছু কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে যা বিরল এক ঘটনা। এর অর্থ ঝড় ইউনিসের আঘাতে মানুষের প্রাণহানিরও আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং ওয়েলসে এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইংল্যান্ডে গত এক দশকে চারবার এরকম রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

তারা বলছে, ইউনিসকে বেশ বিপদজনক ও ক্ষতিকর ঝড় বলেই মনে করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত হতে পারে। ইউনিস ঘূর্ণিঝড় না হলেও এর গতি ঘূর্ণিঝড়ের মাত্রায় পৌঁছে যেতে পারে বলে তারা ধারণা করছেন।

দক্ষিণ ইংল্যান্ডের একটি দ্বীপ আইল অব ওয়াইটের একটি স্থানে বাতাসের গতি ইতোমধ্যে ঘণ্টায় ১২২ মাইল ছিল বলে রেকর্ড করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের কোথাও কোথাও তুষারপাতের ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।

ঝড় ইউনিসের তীব্রতা এতো বেশি যে উপকূলীয় এলাকাগুলোর পাশাপাশি রাজধানী লন্ডনেও সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বলা হচ্ছে এই ঝড়ের কম বেশি প্রভাব পড়বে সারা দেশে।

ঝড় মোকাবেলায় প্রস্তুতি

ঝড় ইউনিস মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে কোবরা কমিটি জরুরি বৈঠকে বসেছে। এর পরই প্রধানমন্ত্রী জানিয়েছেন যে দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে।

ওয়েলসে রেল চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বড় বড় কয়েকটি সেতু এবং বহু ফ্লাইটও বাতিল করা হয়েছে। একারণে সম্ভব হলে যাত্রীদের এসব পরিহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।

শত শত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। খুব বেশি জরুরি না হলে আজকের দিনে কোথাও না যাওয়ারও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সমুদ্র উপকূল থেকে লোকজনকে দূরে থাকতেও বলা হয়েছে।

এছাড়াও আবহাওয়া অফিস থেকে যেসব সতর্কতা জারি করা হয়েছে সেগুলো গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানানো হয়েছে।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রথমবারের মতো রেড অ্যালার্ট বা ‘জীবন ঝুঁকির জন্য সতর্কতা’ জারি করা হয়েছে। যুক্তরাজ্যের উপকূলে শুক্রবার আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের কারণে সেখানে প্রথমবারের মতো উচ্চ সতর্কতা জারি করা হয় বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ইউনিসের কারণে সর্বকালের রেকর্ড ভেঙে প্রচণ্ড গতিতে বাতাস প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে। সর্তকতা বার্তার কারণে লন্ডনের পথঘাট একদম জনশূন্য হয়ে যায়। পশ্চিম ইউরোপ জুড়ে ব্যাহত হচ্ছে বিমান, ট্রেন ও ফেরি চলাচল।

এএফপি জানায়, যুক্তরাজ্যের রাজধানীতে এই প্রথমবার রেড অ্যালার্ট জারি করা হয়। একই স্তরের সতর্কতা দক্ষিণ ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসেও জারি করা হয়। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে যান চলাচলও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *