টিকা না নেওয়া শাস্তিযোগ্য অপরাধ : মেয়র আতিক

টিকা না নেওয়া শাস্তিযোগ্য অপরাধ : মেয়র আতিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা উত্তর সিটি করপোরেশন বা ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, করোনার টিকা না নেওয়া শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। তাছাড়া যারা ভাইরাসটি প্রতিরোধী টিকা নেবে না, তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং নতুন করে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।

রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে শনিবার (২৬ ফেব্রুয়ারি) গণ-টিকাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। একদিনে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে আজ দেশের প্রায় ২৮ হাজার টিকা কেন্দ্রে বিশেষ টিকা কর্মসূচি পরিচালিত হচ্ছে।

ডিএনসিসি মেয়র বলেন, এরপর থেকে যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, তাদের করোনাভাইরাসের টিকা নেওয়ার কার্ড দেখাতে হবে। কার্ড দেখাতে না পারলে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। একই সঙ্গে যেসব দোকানদারের কাছে টিকা কার্ড পাওয়া যাবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

ডিএনসিসির এলাকায় ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলছে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, সারাদেশে বিনামূল্যে টিকা দিচ্ছে সরকার। এমনকি ভোটার আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ড না থাকলেও শুধু মোবাইল নম্বর দিয়ে টিকা দেওয়া হচ্ছে। এরপরও কেউ যদি অবহেলা করে টিকা না নেন, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে।

পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী ১ মার্চ থেকে অভিযান শুরু হবে। সুতরাং আজ যারা টিকা নেবে না, তারা ধরা পড়বে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে ডিএনসিসির ১০টি অঞ্চলে ১০ জন ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

মেয়র বলেন, অভিযানের সময় কোনো দোকানদারের করোনার টিকা নেওয়ার কার্ড না পাওয়া গেলে তার ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। অপরদিকে, নতুন করে যারা ট্রেড লাইসেন্স নিতে যাবেন, তাদের টিকা কার্ড না থাকলে লাইসেন্স দেওয়া হবে না।

ডিএনসিসি মেয়র আরো বলেন, পোশাক শ্রমিকরা আজ উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। দেশের শ্রমজীবী মানুষের মধ্যে অন্যতম এই পোশাক শ্রমিকরা। তাই তাদের টিকার আওতায় আনার লক্ষ্যে মালিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা আজ টিকা নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *