১০০ জনকে পাচার করে আট কোটি টাকা আত্মসাৎ

১০০ জনকে পাচার করে আট কোটি টাকা আত্মসাৎ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উন্নত জীবনযাপন ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করে আসছিল একটি চক্র। দীর্ঘদিন ধরে এমন তৎপরতা চালিয়ে আসা চক্রটি অন্তত ১০০ জনকে পাচার করে প্রায় আট কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এই ঘটনায় গত সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খায়রুল কবীর জানান, এই মানবপাচারচক্রের মূলহোতা সজিবুল ইসলাম (৩৫) বর্তমানে তুরস্কে অবস্থান করছেন।

চক্রটি একজনকে সার্বিয়াতে ৬০ হাজার টাকা মাসিক বেতনের চাকরি এবং থাকা খাওয়া ফ্রি, বার্ষিক দুটি বোনাসসহ ভালো কাজের ভিসার প্রলোভন দেখায়। সার্বিয়ায় একজনকে পাচারের তথ্য ধরে তদন্তের ধারাবাহিকতায় রাজধানীর রমনা এলাকা থেকে সোমবার এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এই চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশ। তাঁরা হলেন শাহীন (৩৮) ও মিজানুর রহমান (৩২)।

খায়রুল কবীর জানান, সার্বিয়াতে গিয়ে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে দেশে তাঁকে (পাচারের শিকার ব্যক্তি) ফিরিয়ে আনা হবে বলেও জানায় চক্রটি। পরে ছয় লাখ টাকার বিনিময়ে তাঁকে গত ১৭ নভেম্বর সার্বিয়া পাঠানো হয়। সেখানে গিয়ে কথা অনুযায়ী কোনো কাজ দেওয়া হয়নি। কাজের সন্ধান না পাওয়ায় চক্রটি তাঁকে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রস্তাব দেয়।

গত ৭ মার্চ সার্বিয়ায় পাচারের শিকার ব্যক্তির স্ত্রী ফোনে জানতে পারেন, তাঁর স্বামী সার্বিয়াতে মারা গেছেন। এই অভিযোগের সূত্র ধরে মানবপাচারচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *