অস্ট্রেলিয়া সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

অস্ট্রেলিয়া সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক এবং দুজন সফরসঙ্গীসহ রয়াল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের আমন্ত্রণে এক সরকারি সফরে গতকাল শুক্রবার সে দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আইএসপিআর জানায়, সফরকালে বিমানবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স-২০২২’ যোগ দেবেন। কনফারেন্সে যুক্তরাজ্যের রয়াল এয়ার ফোর্স, ইউএস প্যাসিফিক এয়ার ফোর্স, রয়াল কানাডিয়ান এয়ার ফোর্স, মালদ্বীপ সেন্ট্রাল ডিফেন্স ফোর্স, শ্রীলঙ্কা এয়ার ফোর্স, জার্মান এয়ার ফোর্স, ইন্ডিয়ান এয়ার ফোর্স, থাই এয়ার ফোর্সের প্রধানসহ ইউএন পিস অপারেশনের সামরিক উপদেষ্টা এবং কাতার, মালয়েশিয়া ও ইতালি বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেবেন।

‘এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স-২০২২’-এর বিষয়বস্তু হলো ‘বায়ু ও মহাকাশে স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবন’।

কনফারেন্সে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূকৌশলগত নিরাপত্তা নিশ্চিতে করার লক্ষ্যে ‘এয়ার এবং স্পেস পাওয়ার’-এর উদ্ভাবনী পদ্ধতির ওপর আলোচনা করা হবে। কনফারেন্স শেষে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ‘স্যার রিচার্ড উইলিয়াম ফাউন্ডেশন কনফারেন্স’-এ যোগ দেবেন। সেখানে আনমে আনমেনড্ এরিয়াল সিস্টেমের মাধ্যমে সক্ষমতা বাড়ানো এবং এর পরিচালনার বিভিন্ন কৌশলগত দিক আলোচিত হবে। এ দুই কনফারেন্সে যোগদানকারী বিভিন্ন দেশের বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। যা বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষে যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন ও আসন্ন নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে সহায়ক হবে।
এ ছাড়া এই সফরের মাধ্যমে রয়াল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স ও বাংলাদেশ বিমানবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *