পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারে দেখা গেছে দীর্ঘ লাইন। আজ (মঙ্গলবার) রাত তিনটায় লাইনে দাঁড়িয়ে বেলা সাড়ে ১১টাতেও টিকিট পাননি অনেকে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট সার্ভিস প্রোভাইডার পরিবর্তন হয়েছে। নতুন কোম্পানির কাছে দায়িত্ব হস্তান্তরকালীন সময়ে ৫ দিনের জন্য অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। গত ২১ মার্চ থেকে অনলাইনে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। বন্ধ থাকবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। এ সময় স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে রেলওয়ে।
টিকিট নিতে লাইনে দাঁড়ানো ব্যক্তিরা বলছেন, অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় কমলাপুর রেলস্টেশনে টিকিট কিনতে দীর্ঘ লাইন হয়েছে। বেশি ভিড় এবং নানা অনিয়মের কারণে ভোগান্তিতে পড়ছেন টিকিট প্রত্যাশীরা।
মোহাম্মদ রফিক জামালপুরের টিকিট নিতে এসেছেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকা পোস্টকে বলেন, সেই ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ১০টা বেজে গেছে। এখনো সেই লাইনে দাঁড়ানো। টিকিট পাব কি না সন্দেহ। প্রচণ্ড গরমে এত ভিড়ের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা হয়ে যাচ্ছে।
টিকিট প্রত্যাশী আল আমিন বলেন, ৩০ মিনিট একই জায়গায় দাঁড়িয়ে আছি। এক কদম সামনে যেতে পারিনি। এক একজন ৫-৬টা করে টিকিট নিচ্ছে। অনেকে লাইন ভেঙে সামনে গিয়ে টিকিট নিচ্ছে। শৃঙ্খলা ফেরাতে রেল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।
নাসিমা আক্তার নামের আরেক ভুক্তভোগী বলেন, নারীদের জন্য আলাদা লাইন নেই। তাই পুরুষের ভিড়ে লাইনে দাঁড়াতে হয়েছে। এ এক বিড়ম্বনা।
এ বিষয়ে স্টেশন মাস্টার ও ম্যানেজারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।


