মানবিক কারণে ইউক্রেনের পক্ষে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

মানবিক কারণে ইউক্রেনের পক্ষে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের আরেকটি রেজ্যুলেশনে কিয়েভের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। মানবিক কারণে এবার রেজ্যুলেশনের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

সারা বিশ্বে মানবিক দেশ হিসেবে বাংলাদেশ সুপরিচিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবসময় শান্তির পক্ষে, যুদ্ধের বিপক্ষে। মানবিক কারণেই ইউক্রেনের পক্ষে ভোট দেওয়া হয়েছে।

যে কোনো যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বেসামরিক মানুষ- মন্তব্য করে তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা থেকে জানি এটি। জাতিসংঘ রেজ্যুলেশনে নির্যাতিত ও আহতদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। আমরা চাই, নির্যাতিতরা সুযোগ-সুবিধা পাক, সে জন্য এই রেজ্যুলেশনে রাজি হয়েছে ঢাকা।

উল্লেখ্য, গত ২রা মার্চ ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাব তোলা হয়। তাতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনসহ ৩৮টি দেশ ভোটদানে বিরত থাকে। ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪০টি দেশ, বিপক্ষে ছিল রাশিয়াসহ ৫টি দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *