মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক খুন

মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক খুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৪১) নামে এক চিকিৎসক খুন হয়েছে। রবিবার (২৭ মার্চ) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত বুলবুলের উরুতে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ছিনতাইকারীদের হাতে খুন হয়ে থাকতে পারেন তিনি।

তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি খোয়া গেছে। তবে তার পকেটে ১২ হাজার টাকা পাওয়া গেছে। ছিনতাইকারী হলে নগদ টাকাও নিয়ে যাওয়ার কথা— বলছেন কেউ কেউ।

পুলিশ ও স্বজনরা জানান, শেওড়াপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন চিকিৎসক বুলবুল। রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে তিনি একটি ডেন্টাল ক্লিনিকের মালিক তিনি। এছাড়া তিনি সাব কন্ট্রাক্টর হিসেবেও কাজ করতেন। রবিবার ভোরে তিনি নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় তাকে রাস্তায় ছুড়িকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন রিকশাচালক ও পথচারী মিলে উদ্ধার করে স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে প্রথমে কাফরুল থানা পুলিশ ওই হাসপাতালে গিয়ে তার লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। ছুরিকাঘাতের স্পটটি মিরপুর থানার আওতাধীন হওয়ায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির মর্গে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি নিয়ে কাজ করছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বজন ও বন্ধুরা জানান, ছিনতাইকারী ছাড়াও ঠিকাদারিতে সম্পৃক্ততার কারণে পূর্ব শত্রুতার জেরেও ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এজন্য পুলিশকে সব বিষয়ে মাথায় নিয়ে কাজ করার আহ্বান জানান তারা। নিহত বুলবুলের গ্রামের বাড়ি রংপুরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *