পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে ডোবায় জমে থাকা পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চর আম খাওয়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-আয়াত (৩) ও সিনহা (৪) বড়ির পাশে খেলতে গিয়ে ডোবায় জমে থাকা পানিতে পড়ে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা নিহত দুই কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে দেওয়ানগঞ্জ থানার ওসি মোহাব্বত কবির।
নিহত আয়াত চর আমখাওয়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে ও সিনহা একই গ্রামের মোতালেব ফকিরের মেয়ে।
চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান, দুই শিশু মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। আজ বিকেলে নিহত দুই শিশু দাফন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাফনের সার্বিক ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


