র‍্যাগ ডে : বুলিং-অশ্লীলতা বন্ধ চেয়ে রিট

র‍্যাগ ডে : বুলিং-অশ্লীলতা বন্ধ চেয়ে রিট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগ ডের নামে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান রিটটি দায়ের করেন।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটে র‍্যাগ ডের নামে অশ্লীলতা বন্ধে নির্দেশনার পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, বুলিং অপসংস্কৃতি ও অশ্লীলতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।

শিক্ষা সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশ প্রধান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে র‍্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে কু-রুচিপূর্ণ, অশ্লীল ও ডিজে পার্টির আয়োজন করা হয়। এগুলোর স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নৈতিক জীবন মান ও সুকুমার বৃত্তি সৃজনের কারিগর হওয়ার কথা, সেখানে আজ সেই শিক্ষা প্রশাসকদের পৃষ্ঠ পোষকতায় এবং তাদের উপস্থিতিতে চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যকলাপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নিজের অজান্তে নৈতিক অধঃপতনে নিমজ্জিত হচ্ছে।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ৭০ ভাগ শিশু, কিশোর ও তরুণ। আগামী প্রজন্মকে এ ধরনের অপসংস্কৃতির হাত থেকে রক্ষার জন্য র‍্যাগ ডের নামে অশ্লীলতা, ডিজে পার্টি ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়মূলক এসব কার্যক্রম সব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ করা প্রয়োজন। এ কারণে রিটটি দায়ের করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *