- পাকিস্তানের রাজনৈতিক আলোচনা আর নয়
আমিনুল ইসলাম কাসেমী
পাকিস্তানের রাজনীতি নিয়ে আমি আগ্রহী নই। কেননা পাকিস্তানের রাজনীতির কবর রচনা হয়ে গেছে ১৯৭১ সনে। ওরা যেভাবে অন্যায়, জুলুম, নির্যাতন চালিয়েছিল নিরীহ বাঙালীদের উপর, তাতে খোদায়ী গজব চেপে বসেছে তখন থেকেই। এ কারণে পাকিস্তান আর কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। আজ পর্যন্ত কোন সরকার পাঁচ বছর মেয়াদ পূরণ করতে পারে না। এতেই বোঝা যায় কত অশান্তির মধ্যে তারা আছে। দু-একবছর পর পর সরকারের পরিবর্তন হলে সে দেশের অবস্হা বারটা বেজে যায়।
সবচেয়ে বেশী খারাপ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। ওরা এখন আফসোস করে বাংলাদেশের জন্য। তারা এখন বলে ‘হামে বাংলাদেশ বানাদে’। এখন তারা বাংলাদেশের মত হতে চায়। অর্থাৎ বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ওদের থেকে অনেক ভালো। এখন বাংলাদেশের একটাকা আর ওদের তিনটাকা। মানে বাংলাদেশ অনেক এগিয়ে। সুজলা-সুফলা শস্য-শ্যামল বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাচ্ছে।
এক সময় বাংলাদেশকে শোষণ করে ছিল তারা। এখন নিজেরাই বিপদে আছে। একেক সরকার আসে আর দুর্নীতির মহোৎসব ঘটায়। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে একজন পরিচ্ছন্ন ব্যক্তি দেশ চালাচ্ছিল। কিন্তু সেটাও সহ্য হলো না। তাকে অনাস্থা দিয়ে দুর্নীতির বরপুত্রকে ক্ষমতায় আনা হয়েছে। বড় আজব ব্যাপার, তিনি যেদিন ক্ষমতা গ্রহণ করবেন, সেদিনই তার বিরুদ্ধে আদালতে দুর্নীতি মামলার শুনানী। তাহলে বোঝা গেল, চোর খেদায়ে ডাকাত এনে বসাচ্ছে।
যেভাবে লেখালেখি করছে, তাতে মনে হয় আমরা পাকিস্তানে বাস করি! অথচ আমরা এখন স্বাধীন বাংলাদেশের নাগরিক।
এটাই পাকিস্তানের অবস্থা। চোর সরে গেলে ডাকাত এসে সেখানে বসছে। মোটেও ভালো নেই। দেশের অবস্থা একের পর এক খারাপের দিকে ধাবিত হচ্ছে। তবে আফসোস হচ্ছে আমাদের ফেসবুকের বন্ধুদের। যারা পাকিস্তানের রাজনীতি নিয়ে ফেসবুক গরম করছেন। কেউ ইমরানের পক্ষে আর কেউ মাওলানা ফজলুর রহমান সাহেবের পক্ষে। দুই গ্রুপে বিভক্ত হয়ে যেভাবে লেখালেখি করছে, তাতে মনে হয় আমরা পাকিস্তানে বাস করি! অথচ আমরা এখন স্বাধীন বাংলাদেশের নাগরিক।
মানে পাকিস্তান জমিয়তের অবস্থা এখন অন্ধের হাতের চেরাগের মত। ‘ইউহদা বিহি ওয়া হুয়া লা ইয়াহ তাদি’ সে নিজে কোন ফায়দা হাসিল না করতে পারলেও মানুষ উপকৃত হচ্ছে। যাই হোক, সেটাও কিন্তু কম কথা নয়। নিজেরা ক্ষমতায় না যেতে পারলেও অন্যের সিঁড়ি হতে পারছে। এটা কিন্তু বড় ব্যাপার!
আমাদের দেশের কিছু ইসলামী দল মনে হয় ওই রকম ভাবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বনতে চান। এর আগেও এমন কিছু অভিজ্ঞতা তাদের রয়েছে। যে কারণে এখন পাকিস্তানের রাজনীতি নিয়ে মাতামাতি। একের পর পোষ্ট দিয়ে ফেসবুক গরম করে দিচ্ছে।
সর্বশেষ কথা, পাকিস্তানের রাজনৈতিক আলোচনা আর নয়। এখন আমাদের বাংলাদেশ নিয়ে ভাবুন। দেশ ও জাতির কল্যাণে নিজেকে সঁপে দিন। আল্লাহ কবুল করুন। আমিন।
লেখক : শিক্ষক ও কলামিস্ট


