পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মারিউপোলের ইউক্রেনীয় বাহিনীর আত্মসমর্পণের দাবিতে রাশিয়ার চরমপত্রের সময়সীমা বুধবার সেনাদের মেনে নেওয়ার কোনো লক্ষণ ছাড়াই পেরিয়ে গেছে। ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের শেষ ঘাঁটি শহরের বিশাল ইস্পাত কারখানা আজভস্তাল স্টিল প্ল্যান্টে আশ্রয় নিয়েছে হাজারখানেক বেসামরিক নাগরিক।
সেনারা মাত্র ‘কয়েকদিন বা ঘণ্টা’ প্রতিরোধ ধরে রাখতে পারবে- ইউক্রেনীয় কমান্ডারের এ সতর্কবার্তার মধ্যে মস্কোর নতুন সময়সীমা আসে। ওই কমান্ডার এক ভিডিও বার্তায় তাদের সহায়তার জন্য বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এটাই হয়তো তাদের শেষ বার্তা।
তবে কিয়েভ কর্তৃপক্ষ বলেছে, মারিউপোল শহর থেকে আরো কিছু বেসামরিক নাগরিককে উদ্ধার করার জন্য একটি অস্থায়ী চুক্তি হয়েছে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক ফেসবুকে লিখেছেন, চুক্তির আওতায় নারী, শিশু এবং বয়স্কদের শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
শহরের মেয়র ভাদিম বোইচেঙ্কো জাতীয় টিভিকে বলেছেন, ইউক্রেন সরকার বুধবার প্রায় ৬ হাজার মানুষকে সরিয়ে নিতে ৯০টি বাস পাঠানোর আশা করছে।
সূত্র : বিবিসি


