পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানা ষড়যন্ত্র সত্ত্বেও দেশ এগিয়েছে। এবার পবিত্র ঈদুল ফিতরে মানুষ স্বস্তিতে ও নির্বিঘ্নে গ্রামে যেতে পেরেছে। শনিবার (৭ মে) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যখন গ্রামীণ অর্থনীতি, তৃণমূলের অর্থনীতি শক্তিশালী করছি, তখন একটি পক্ষ আমাদের উৎখাত করতে চায়। আওয়ামী লীগের অপরাধটা কোথায়?’
এর আগে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়েছে। শনিবার (০৭ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে দলটির এ সভাকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন নেতারা। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাঠপর্যায়ের প্রস্তুতি, জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ও সমসাময়িক জাতীয়-আন্তর্জাতিক বিষয়ে আলোচনাসহ সাংগঠনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।


