ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড় “অশনির” প্রভাবে নয়, স্বাভাবিক মৌসুমের কারণেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রবিবার (৮ মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে তাপপ্রবাহ এতে খুব একটা কমবে না।

এছাড়া রাঙামাটি, সৈয়দপুর, খুলনা, মোংলা, সাতক্ষীরা ও যশোরের অঞ্চলগুলোর উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “স্বাভাবিক মৌসুমের কারণেই এই ঝড় বৃষ্টি। তবে এর পরিমাণ খুব বেশি হবে না। ফলে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এবং আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে।”

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ৪৮ মিলিমিটার। এছাড়া পঞ্চগড়ের তেতুলিয়ায় ৩৬, সিরাজগঞ্জের তাড়াশ ও টাঙ্গাইলে ৯, ঢাকায় ৩, বগুড়ায় ২, ময়মনসিংহে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া নেত্রকোনায় সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত ও অগ্রসর হয়ে প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ এবং আরও ঘনীভূত হয়ে রোববার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *