ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানিতে এনবিআরের নির্দেশনা

ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানিতে এনবিআরের নির্দেশনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুল্কমুক্ত এ সুবিধা পেতে ওই আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে আমদানি পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত শুল্ক করাদির সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।

ব্যাংক গ্যারান্টির বিপরীতে আংশিক রফতানিকারকদের শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুবিধা দেয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো: আল-আমিন শেখ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

এতে আরো বলা হয়, রফতানি বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ব্যাংক গ্যারান্টির বিপরীতে আংশিক রফতানিকারক শিল্প প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুবিধা দিতে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্তাদি মেনে যেসব রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নেয়া সম্ভব না, তাদের জন্য শুল্ক-করাদি পরিশোধ না করে কাঁচামাল/পণ্য আমদানি করার সুযোগ দেয়া হয়েছে। শুল্কমুক্ত এ সুবিধা পেতে ওই আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে আমদানি পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত শুল্ক করাদির সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।

বন্ড লাইসেন্স না থাকা স্বত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ পাওয়ায় রফতানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে, রফতানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং দেশের রফতানি বাণিজ্য সম্প্রসারিত হবে বলেও আশা করছে এনবিআর।

সূত্র : বাসস

Related Articles