পাথেয় টোয়েন্টিফোর ডটকম : “ব্রেকিং নিউজ! গত ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫টি বাচ্চা নিখোঁজ। সতর্ক থাকুন।” এমন পোস্টে সয়লাব সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুক। বেশ কয়েকটি বড় বড় ফেসবুক পেজ ও গ্রুপে এমন স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। এসব স্ট্যাটাস সত্য ভেবে অনেকেই আবার শেয়ার দিচ্ছেন নিজের প্রোফাইলে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। চিন্তায় রয়েছেন অভিভাবকরা।
তবে পুলিশ বলছে, এগুলো শুধুই গুজব। যারা হারিয়েছে তারা ঘণ্টা কয়েক বাসায় ছিল না। আবার কোনো শিশু দূরে তাদের বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল।
পুলিশ বলছে, সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবে বিশ্বাস করার কোনো কারণ নেই। যে বা যারা এসব তথ্য সত্য বলে পোস্ট করছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, তদন্তে দেখা গেছে একের পর এক শিশু নিখোঁজ হওয়ার এই অভিযোগ ভিত্তিহীন। নিখোঁজ হিসেবে যাদের পোস্ট করা হয়েছিল তাদের অনেককে পরে পাওয়া গেছে। আবার পাওয়া গেলেও অনেকেই তার আর জানান না।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ইউএনবিকে বলেন, “আমরা নিখোঁজের এ ধরনের কোনো তথ্য পাইনি।”
একই বক্তব্য দেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলমও।
এ প্রসঙ্গে ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার মহিদ উদ্দিন বলেন, “৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ হয়েছে এমন কোনো তথ্য ডিএমপির কাছে নেই।”
তিনি আরও জানান, শিশু হারানো নিয়ে সাধারণ ডায়েরির (জিডি) ঘটনা নিয়মিতই ঘটে। যার বেশিরভাগ শিশুই অল্প সময়ের জন্য বাসার বাইরে থাকার পরই উদ্বিগ্ন হয়ে জিডি করেন।
এই জিডির একটি পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান, গত ৪ থেকে ৬ মে পর্যন্ত ৭২ ঘণ্টায় বিভিন্নভাবে শিশু নিখোঁজের ঘটনায় বিভিন্ন থানায় ৩৩টি জিডি করা হয়েছে। জুন মাসে, ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত ৭২ ঘণ্টায় ৩৬টি জিডি করা হয়েছে। একইভাবে, ৪ থেকে ৬ জুলাই ৭২ ঘণ্টায় ৩২টি জিডি করা হয়।
ডিএমপি অতিরিক্ত কমিশনার আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ‘৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ হয়েছে’ এমন তথ্য সঠিক নয়।”
এছাড়া নিখোঁজ হওয়ার শিশুদের পরবর্তীতে সন্ধান পাওয়া গেছে বলেও জানান তিনি।


