পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন আগামী ৩১ ডিসেম্বর চালু হবে। ওইদিন থেকে এ দুটি স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে। এর মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
এমএএন ছিদ্দিক বলেন, “৩১ ডিসেম্বর থেকে সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতেই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন দিয়াবাড়ী-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।”
গত বছর থার্টি ফাস্ট নাইটে উড়ানো ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে। দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।
এ প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, এবার ফানুস উড়ানো বন্ধের ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। মেট্রোরেলের লাইনের দুই পাশে এক কিলোমিটার এলাকায় ফানুস উড়ানো বন্ধের অনুরোধ জানানো হয়েছে।


