ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশ ইন্দোনেশিয়ার এবং ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুরের দিকে এ কম্পন আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে, যা সারাঙ্গানির অন্তর্গত। ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে উৎপন্ন এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

ভূমিকম্পের কম্পন ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে, বিশেষ করে তালাউদ দ্বীপপুঞ্জে সবচেয়ে বেশি অনুভূত হয়। তবে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী কম্পন সত্ত্বেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন উভয়ই প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ কারণে দেশ দুটিতে ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা।

উল্লেখ্য, চলতি শতাব্দীতে ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ঘটে ২০০৪ সালে। ৯.১ মাত্রার সেই ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে দেশটিতে প্রাণ হারান ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

Related Articles