আমিরাতে বাংলাদেশিদের ভিসা সমস্যার দ্রুত সমাধান হবে, আশ্বাস রাষ্ট্রদূতের

আমিরাতে বাংলাদেশিদের ভিসা সমস্যার দ্রুত সমাধান হবে, আশ্বাস রাষ্ট্রদূতের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

রাষ্টদূত সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন শ্রমশক্তির মসৃণ গতিশীলতা নিশ্চিত করতে আমিরাতের রাষ্ট্রদূতকে মুলতবি থাকা কর্মসংস্থান ভিসার আবেদনসহ ভিসা সংক্রান্ত বিধিনিষেধ সমস্যা সমাধানের আহ্বান জানান। জবাবে রাষ্ট্রদূত ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ভিসা পদ্ধতি সহজীকরণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সামাজিক কল্যাণমূলক প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়।

বৈঠকে দুদেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসায়িক উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা করা হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। রাষ্ট্রদূত আমিরাতের বিশিষ্ট সংস্থা যেমন লজিস্টিক লিডার ডিপি ওয়ার্ল্ড, নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি মাসদার ও এয়ার সার্ভিস প্রোভাইডার দনাতার বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশ ও আল-নাহিয়ান ট্রাস্টের জনকল্যাণমূলক উদ্যোগের মধ্যে সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব সংযুক্ত আরব আমিরাত থেকে প্রাপ্ত উল্লেখযোগ্য রেমিটেন্সের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন।

তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিভিন্ন সেক্টরে প্রবৃদ্ধির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের গৃহীত উল্লেখযোগ্য সংস্কারগুলোও তুলে ধরেন।

এছাড়া উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, “দুই দেশের মধ্যকার বন্ধুত্ব সময় ও পরিস্থিতির পরিবর্তন নির্বিশেষে অবিচল, গভীর ও অটুট রয়েছে।”

Related Articles