ব্রাহ্মণবাড়িয়াতে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়াতে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের লোপলাইনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

শনিবার (০৮ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করছে। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাদ্দাম হোসেন, রায়হান খন্দকার বলেন, ট্রেনটির তালশহর স্টেশন অতিক্রম করার পর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রবেশ করছিল। এসময় হঠাৎ করে ট্রেনের মাঝখানের “ঝ” বগির চারটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয় এবং পুরো ট্রেনে ঝাঁকুনি অনুভূত হয়। এ সময় আতঙ্কিত হয়ে ট্রেনের যাত্রীরা তাড়াহুড়ো করে প্লাটফর্মে নেমে পড়েন। ট্রেনটি ‘ঝ‘ বগি লাইনচ্যুত হওয়ায় রাত সাড়ে ১১টা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অবস্থান করছে। এ ঘটনায় ট্রেনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। দেখতে পেলাম ট্রেনটির মাঝখানের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান, লোপলাইন ও রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের বগিটি লাইনট্যুত হওয়ার কারণে আপ এবং ডাউনলনে কোনো প্রভাব পড়েনি। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে কখন ট্রেনটির অবশিষ্ট বগি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে স্টেশন ত্যাগ করবে এ ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু জানাতে পারেননি তিনি। আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর বিকল্প ব্যবস্থায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

Related Articles