ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হজ ও ওমরাহ যাত্রীদের প্রতারণা থেকে বাঁচাতে সতর্কতা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। অনুমোদিত এজেন্সি ছাড়া হজ ও ওমরাহর জন্য কোনো ধরনের অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু প্রতারক চক্র ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে হজ ও ওমরাহ প্যাকেজ প্রচার করছে। এভাবে তারা সরল বিশ্বাসী যাত্রীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি বছর অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সির তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হজ পোর্টালে (www.hajj.gov.bd) প্রকাশ করা হয়। তাই কোনো অর্থ লেনদেনের আগে লাইসেন্সপ্রাপ্ত ও যোগ্য এজেন্সির তালিকা যাচাই করতে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত এজেন্সির বাইরে অর্থ লেনদেন করলে যাত্রীরা প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিতে পড়বেন। তাই সতর্ক থাকার পাশাপাশি প্রতারণামূলক কার্যক্রম দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।

Related Articles