চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ড: একদিন পরও পুরোপুরি নেভেনি আগুন

চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ড: একদিন পরও পুরোপুরি নেভেনি আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পরও আগুন পুরোপুরি নেভেনি। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানালেও, সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছিল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আটতলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে। মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভবনের কিছু অংশ ধসে পড়েছে, এখন সেটি প্রায় কঙ্কালসার অবস্থায়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনটির অগ্নিনিরাপত্তা সনদ ছিল না—শুধু আবেদন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী পরিদর্শন হওয়ার আগেই এই দুর্ঘটনা ঘটে।

সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ওই ভবনে ছিল দুটি প্রতিষ্ঠান—অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানি। টাওয়েল, ক্যাপ এবং সার্জিক্যাল গাউন তৈরির ওই ইউনিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

Related Articles