গাজায় হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনা, নেই খাবার পানি

গাজায় হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনা, নেই খাবার পানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  উত্তর গাজার আল-আওদা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। হামাসকে নির্মূলের অভিযানের অংশ হিসেবে হামলা চালাচ্ছে তারা। ইতোমধ্যে হাসপাতালে খাওয়ার পানি শেষ হয়েছে। ইসরায়েলি সেনারা কাউকে হাসপাতাল থেকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না।

মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, এই হাসপাতালে খাওয়ার পানি ফুরিয়ে গেছে। পার্শ্ববর্তী জাবালিয়া শরণার্থী শিবিরে শনিবার ইসরায়েল বিমানহামলা চালানোর পর অন্তত ৩৪ জন আহত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন।

চলমান হামলার ফলে হাসপাতাল থেকে কোন চিকিৎসাকর্মী বা বেসামরিক মানুষ বের হয়ে আসতে পারছেন না। নতুন করে কাউকে সেখানে ঢুকতেও দেওয়া হচ্ছে না। খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালেও পানি শেষ হয়ে এসেছে বলে জানা গেছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, গাজার ২১ হাসপাতাল পুরোপুরি বন্ধ আছে। আরও ১৫ হাসপাতাল আংশিকভাবে কার্যকর রয়েছে।

আংশিকভাবে কার্যকর আছে উত্তর গাজার ২, গাজা সিটির ৫, দেইর আল বালাহ’র ৩, খান ইউনিসে ৩ ও রাফায় ২টি হাসপাতাল।

৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে প্রায় আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা। এ হামলায় দেশটিতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। সেদিন থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল জাজিরা।