হাতিয়ায় ৫০ মণ সামুদ্রিক মাছসহ ৩০ জেলে আটক

হাতিয়ায় ৫০ মণ সামুদ্রিক মাছসহ ৩০ জেলে আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাতিয়ার মেঘনা সাগর মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে অব্যাহতভাবে চলছে ইলিশ শিকার। প্রতিদিনের মতো আজো ৩০ জেলেসহ দুটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা ৫০ মণ ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ জব্দ করা হয়। গতকাল রোববার ভোরে উপজেলার মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকা থেকে এসব ট্রলার আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, দু’টি ট্রলার গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে ঘাটে ফিরে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার দু’টি আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটক ট্রলার দু’টিকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক জেলেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। ট্রলারে থাকা মাছ এতিম ও দুস্থদের মাঝে দিয়ে দেয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় কোনো অসাধু জেলে যে সমুদ্রে মাছ শিকার করতে না পারে তাতে কোস্টগার্ডসহ একাধিক টিম কাজ করছে।

Related Articles