মেট্রোরেল র‍্যাপিড পাসে অনলাইন রিচার্জ চালু

মেট্রোরেল র‍্যাপিড পাসে অনলাইন রিচার্জ চালু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেট্রোরেল যাত্রীদের সুবিধার জন্য এমআরটি বা র‍্যাপিড পাস অনলাইনে রিচার্জ করার সুবিধা চালু করেছে কর্তৃপক্ষ। এখন থেকে পাসধারীদের আর স্টেশনের কাউন্টারে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হবে না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

যেভাবে র‍্যাপিড পাস রিচার্জ করবেন
অনলাইনে রিচার্জ করতে ব্যবহারকারীকে প্রথমে www.rapidpass.com.bd ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে। প্রয়োজন হলে র‍্যাপিড পাস কার্ডটিও রেজিস্টার করে নিতে হবে। এরপর যেকোনো পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে রিচার্জ করা যাবে। তবে এভিএম (AVM) মেশিনে কার্ড ট্যাপ না করা পর্যন্ত রিচার্জের অবস্থা “Pending/অপেক্ষমাণ” থাকবে। এভিএমে ট্যাপ করার পর ব্যালেন্স আপডেট হয়েছে কি না তা যাচাই করতে হবে। সফল রিচার্জ সম্পন্ন হলে নিবন্ধিত মোবাইলে এসএমএস পাঠানো হবে।

একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা সম্ভব। আগের পেন্ডিং রিচার্জ শেষ না হলে নতুন রিচার্জ করা যাবে না। কার্ড ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ হলে রিচার্জ গ্রহণ হবে না। ব্যবহারকারী চাইলে অ্যাপ বা ওয়েব পোর্টালে নিজের রিচার্জ হিস্ট্রি দেখতে পারবেন।

রিচার্জ বাতিল ও রিফান্ড
ব্যবহারকারী চাইলে এভিএমে ট্যাপ করার আগে ৭ দিনের মধ্যে রিফান্ডের অনুরোধ জানাতে পারবেন। তবে এ ক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। কোনো কার্ড ব্ল্যাকলিস্টেড থাকায় অনলাইন রিচার্জ করেও এভিএমে ট্যাপ করে ব্যালেন্স আপডেট সম্ভব না হলে—সেক্ষেত্রেও রিফান্ড পাওয়া যাবে, এবং একইভাবে ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

 

Related Articles