ভারতে আশ্রয়প্রার্থী সংখ্যালঘুদের জন্য খুললো বৈধতার নতুন দুয়ার

ভারতে আশ্রয়প্রার্থী সংখ্যালঘুদের জন্য খুললো বৈধতার নতুন দুয়ার

ভারতে আশ্রয়প্রার্থী বিদেশিদের বিষয়ে নিয়মকানুনে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে প্রবেশকারী সংখ্যালঘুরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ কাগজপত্র ছাড়াই এলে, তাদের আর ‘বিদেশি’ হিসেবে ধরা হবে না।

অভিবাসন ও বিদেশি আইন ২০২৫ অনুযায়ী, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদি নির্যাতনের শিকার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে, তবে পাসপোর্ট বা ভিসা না থাকলেও তাদের বিদেশি নাগরিক ধরা হবে না। তবে এই সুযোগ কেবল ২০২৪ সালের শেষ দিন পর্যন্ত প্রবেশকারীদের জন্য সীমিত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিব্বত থেকে আসা শরণার্থীরা বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি, নেপাল ও ভুটানের নাগরিকরা নির্দিষ্ট শর্তে পাসপোর্ট ছাড়াই ভারতে যাতায়াত করতে পারবেন।

নতুন বিধি অনুযায়ী, বহুপাক্ষিক সামরিক মহড়া, সরকারি চুক্তি ও মানবিক সহায়তার মতো ক্ষেত্রে বিদেশি সেনা ও কূটনীতিকদের ভিসা ছাড়ের সুবিধাও দেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, রাজস্থান ও দিল্লির মতো রাজ্যে বেশি প্রভাব ফেলবে। সেখানে থাকা বিপুল সংখ্যক কাগজবিহীন ধর্মীয় সংখ্যালঘু এখন বৈধভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।

বিজেপি সরকারের দাবি, এটি মানবিক ও ঐতিহাসিক উদ্যোগ। তবে বিরোধীরা বলছে, আসন্ন নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধন আইন (CAA) কার্যকরের বিতর্ক থেকে দৃষ্টি সরাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles