স্টেশনে প্রবেশের পর মেট্রোরেলে না চড়লেও কাটা হবে ১০০ টাকা

স্টেশনে প্রবেশের পর মেট্রোরেলে না চড়লেও কাটা হবে ১০০ টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোরেলের কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশের পর ট্রেনে যাত্রা না করেই বেরিয়ে গেলে যাত্রীকে ১০০ টাকা ভাড়া দিতে হবে। আগে যেখানে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া কাটা হতো না, ২০ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই নতুন নিয়ম কার্যকর করেছে এবং স্টেশনগুলোতে এ-সংক্রান্ত নোটিশও টাঙানো হয়েছে। ডিএমটিসিএলের নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে: “বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি–এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।”

কারওয়ান বাজার স্টেশনের একজন কর্মকর্তা এই নতুন নিয়ম কার্যকরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে বিনামূল্যে প্রবেশ বা প্রস্থান (ফ্রি এন্ট্রি–এক্সিট) করা যাবে না।

তবে, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এই নতুন নিয়মের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। তিনি বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ চলছে বলেও উল্লেখ করেন।

নতুন এই নিয়ম নিয়ে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামে একটি ফেসবুক গ্রুপে এ–সংক্রান্ত একটি পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।

যাত্রীদের অভিযোগ, জরুরি প্রয়োজনে বা হঠাৎ অসুস্থ হয়ে কেউ স্টেশন থেকে বের হয়ে এলেও তাকে ১০০ টাকা ভাড়া গুনতে হবে, যা অন্যায়। তাঁদের দাবি, ভাড়া ফাঁকি ঠেকাতে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে ন্যূনতম একটি ফি কাটা যেতে পারে, কিন্তু সব ক্ষেত্রে সমানভাবে ১০০ টাকা কাটা একটি অযৌক্তিক সিদ্ধান্ত।

Related Articles