পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানে মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাষ্ট্র একটি বিশেষ অভিযান চালানোর সময় আরও একটি বিমান ধ্বংস করেছে ইরান।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে খুঁজতে গিয়ে দক্ষিণাঞ্চলীয় ইসফাহান অঞ্চলে একটি মার্কিন বিমান ভূপাতিত করা হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই তথ্য জানিয়েছে। ফারস নিউজ এজেন্সি ছবি প্রকাশ করেছে, যেখানে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উঠে আসছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, এটি ‘ডোনাল্ড ট্রাম্পের বড় পরাজয় ঢাকতে মরিয়া প্রচেষ্টা’।
এদিকে, ইরানের হামলায় বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের অভিযান চলাকালে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আলজাজিরা জানায়, ইরানের কোহগিলুয়েহ কাউন্টির দেহদাশত শহরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকায় দুই দিন আগে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। মার্কিন উদ্ধার অভিযানের মধ্যেই এই হামলাগুলো ঘটেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত চারজন নিহত এবং একজন আহত হয়েছে। অনানুষ্ঠানিক সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কিছু স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেলেও তা এখনও নিশ্চিত করা যায়নি।
সূত্র: আল জাজিরা


