পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি কাপড়ের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং পাশের আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল দোকানগুলো থেকে উদ্ধার করা সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিটন সাহা বলেন, আমার সব শেষ হয়ে গেছে। দোকানে ১৫–২০ লাখ টাকার কাপড় ছিল, আগুনে সব পুড়ে ছাই।
কাপড় ব্যবসায়ী কার্তিক সাহা বলেন, আমার দোকানে ১০–১২ লাখ টাকার মাল ছিল। কিছু সরাতে পেরেছি, বাকিটা বাঁচানো যায়নি।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহারউদ্দিন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আগুনের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব শর্মাকে পাঠানো হয়েছে।


