শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে সমর্থন করবে রাশিয়া

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে সমর্থন করবে রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী হিসেবে সমর্থন দেবে রাশিয়া। শুক্রবার (১০ অক্টোবর) ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ২০২৫ সালের জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তবে পুরস্কারটির অভিজ্ঞ বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের বিজয় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

এর আগে, রাশিয়া বেশ কয়েকবারই বলেছে যে, ইউক্রেনের যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার জন্য তারা কৃতজ্ঞ।

এদিকে, নরওয়ের রাজনীতিবিদরা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার না দিলে ওয়াশিংটর-অসলোর সম্পর্কের ওপর ‘সম্ভাব্য প্রভাব’ নিয়ে নিজেদের প্রস্তুত করছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার নরওয়েজিয়ান নোবেল কমিটি স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা ২০২৫ সালের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করার বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছে গেল সোমবারই। অর্থাৎ, এ সিদ্ধান্ত হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্টের গাজা পরিকল্পনার অধীনে ইসরাইল এবং হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েকদিন আগে।

পাঁচ সদস্যের স্বাধীন কমিটির সময়সীমা এবং গঠন বিবেচনা করে, বেশিরভাগ নোবেল বিশেষজ্ঞ এবং নরওয়েজিয়ান পর্যবেক্ষক মনে করছেন, ট্রাম্পকে এই পুরস্কার দেওয়ার সম্ভাবনা খুবই কম।

এর ফলে, জনসমক্ষে উপেক্ষা করা হলে ট্রাম্প কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা নিয়ে দেশটিতে এক ধরনের আশঙ্কা দেখা দিয়েছে।
নরওয়ের সমাজতান্ত্রিক বামপন্থি দলের নেতা এবং এর পররাষ্ট্র নীতির মুখপাত্র কির্স্টি বার্গস্টো বলেছেন, অসলোকে ‘যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে’।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বার্গস্টো বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চরম দিকে নিয়ে যাচ্ছেন, বাকস্বাধীনতার ওপর আক্রমণ করছেন এবং প্রতিষ্ঠান ও আদালতের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন। যখন প্রেসিডেন্ট এত অস্থির এবং কর্তৃত্ববাদী হন, তখন অবশ্যই আমাদের যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘নোবেল কমিটি একটি স্বাধীন সংস্থা এবং নরওয়েজিয়ান সরকারের পুরস্কার নির্ধারণে কোনো ভূমিকা নেই। তবে আমি নিশ্চিত নই যে ট্রাম্প তা জানেন কি না। তার কাছ থেকে যেকোনো কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

উল্লেখ্য, ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে, বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাত থামানোর জন্য তিনি শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য।

 

Related Articles