বগুড়ায় ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৌরভের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে অজ্ঞাতপরিচয়ে যুবক রক্তাক্ত অবস্থায় সৌরভকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেল দুর্ঘটনায় হয়েছে এমনটা জানিয়ে তাকে ভর্তি করে রেখে হাসপাতাল থেকে সটকে পরে ওই দুই যুবক। সৌরভের শরীরের বিভিন্ন স্থানে অনেক আঘাতের চিহ্ন থাকায় স্বজন ও পুলিশের ধারণা সংঘবদ্ধ হামলা কিংবা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন সৌরভ।

পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার রাত ১০টার দিকে ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে সহপাঠী চাচাতো ভাইয়ের সাথে বসেছিলেন সৌরভ। তারা দুজনেই স্থানীয় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।এ সময়ে সেখানে তাদের আরও কয়েকজন বন্ধু আসেন এবং তাদের সাথে চলে যান সৌরভ। আধঘণ্টা পরে সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইল ফোনে তার স্বজনদের জানায় সৌরভের বাইক দুর্ঘটনা হয়েছে, তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ দেখতে পান। সেখানে পাওয়া যায়নি সৌরভের সঙ্গে থাকা বন্ধুদেরও।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সৌরভের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। রক্তাক্ত ক্ষতও রয়েছে শরীরের কয়েক জায়গায়। তাকে হাসপাতালে ভর্তির পর বন্ধুদের পালিয়ে যাওয়াও সন্দেহজনক। সবদিক মাথায় রেখে এই মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles