সুন্দরবনে কাঁকড়া শিকারের সময় জেলেকে অপহরণ

সুন্দরবনে কাঁকড়া শিকারের সময় জেলেকে অপহরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে রবিউল ইসলাম (৩৫) নামে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।

রোববার (১ ডিসেম্বর) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে কাঁকড়া শিকারের সময় এ ঘটনা ঘটে।

অপহৃত রবিউল শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে।

সহকর্মীদের বরাত দিয়ে অপহৃত জেলের স্বজনরা জানান, রবিউল শনিবার সকালে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাশ (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে প্রবেশ যায়। অপর এক সহযোগীকে নিয়ে কলাগাছিয়া খালে কাঁকড়া শিকারের সময় রোববার সকালে সশস্ত্র তিন ব্যক্তি অস্ত্রের মুখে রবিউলকে অপহরণ করে নিয়ে যায়।

এসময় নিজেদের মজনু বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করে বিকাশে মুক্তিপণের টাকা গ্রহণ করবে বলেও জানিয়ে দেয় তারা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ. জে. এড হাছানুর রহমান জানান, আমাদের কাছে কোনো জেলেকে অপহরণের বিষয়ে কেউ জানায়নি। তবে সাম্প্রতিক সময়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে দস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্লা জানান, অপহরণের শিকার জেলের পরিবার পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি।

Related Articles