পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান পুড়ে গেছে।
রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার কালিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ফখরুল ইসলাম খানের আধাপাকা মার্কেটের দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এতে ফার্নিচার, মুদি, সাইকেল–রিকশা পার্টস ও চা দোকানসহ ৬টি প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সব মিলিয়ে দোকান মালিকরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা কামনা করেছেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিস সদস্যরা ১০ লাখ টাকার বেশি মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে শর্টসার্কিট কোন দোকানে প্রথমে ঘটে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।


