পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে খরপি বেওয়া (৬৪) নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে, উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণ পাড়া গ্রামে।
জানা গেছে, নিহত খরপি বেওয়া ওই গ্রামের মৃত নাদের আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে খরপি বেওয়া পান খাওয়ার জন্য ঘরের এক কোণে রাখা পানের বাটির কাছে যান। এ সময় বাটির পাশে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে হঠাৎ কামড়ে দেয়।
পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থা খারাপ হতে দেখে তড়িঘড়ি করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন জানান, “বিষাক্ত সাপে কাটা এক বৃদ্ধা নারীকে রাতে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে সাপের কামড়ের চিহ্ন ছিল এবং হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন।”
স্থানীয়দের মতে, গ্রামীণ এলাকায় এখনো সাপে কাটা রোগীর জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ও দ্রুত চিকিৎসা ব্যবস্থা না থাকায় এমন মৃত্যুর ঘটনা ঘটছে প্রায়ই।


