পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ইতালিসহ ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে পর্তুগাল ও অস্ট্রিয়াসহ ইউরোপের ছয়টি দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ যুগান্তকারী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গতকাল সকালে ইস্কাটনের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন ও মোবিলিটি-বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ইতালির পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অবৈধ অভিবাসন বন্ধে এবং বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে ইতালির সাথে প্রথমবারের মতো মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি-বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) বাংলাদেশ সই করেছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ অফিসার ম. শেফায়েত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমঝেতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বৈধ পথে মাউগ্রেশন বৃদ্ধি করতেই আমাদের এ উদ্যোগ। যারা ইতালি গমনেচ্ছু তারা যেন নিরাপদে যেতে পারেন, ভালো পারিশ্রমিক পান সেটিই আমাদের লক্ষ্য। তিনি বলেন, ইতালি সিজনাল ও নন সিজনাল দু’ভাবে লোক নিবে। আমাদের পরিকল্পনা আমরা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করব। তারা বছরে একবার করে মিটিং করবে। আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, যেখানে ইতালি যেন আমাদের কর্মীদের ইতালি ভাষা শিখতে পারে, আমরা এ বিষয়ে কাজ করছি। তিনি বলেন, আমাদের অ্যাম্বাসির ফাইলগুলো যেন দ্রুত কার্যকর হয়। এ ছাড়া ইতালিতে যারা বাংলাদেশী ছাত্র আছে, তাদের ভিসা প্রক্রিয়া যেন সহজ হয়। অভিবাসনের দিক দিয়ে আমাদেরকে যেন ইতালির সরকারের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেয়া হয় সেই বিষয়টিও আলোকপাত করা হয়েছে। ইতালিতে কী পরিমাণ লোক পাঠাবে, কোন কোন সেক্টরে যাবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, সমঝোতা স্মারকে এত ডিটেইলস থাকে না। বর্তমানে আমাদের যে কোটা আছে, সেটি বাড়ানো হবে। কোটা বৃদ্ধির বিষয়ে ইতালি চিন্তাভাবনা করবে। আমরা আশা করছি, অবৈধ পথে যাওয়া অনেকটা বন্ধ হয়ে যাবে। এ সময় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, বাংলাদেশ-ইতালি সম্পর্ক দীর্ঘ দিনের। আমরা সবসময় শ্রমিকদের বৈধ পথে আসার জন্য অনুপ্রাণিত করি। ইতালি সরকার দীর্ঘদিন থেকে এটি নিয়ে কাজ করে আসছে। এই সমোঝতা স্মারকের উদ্দেশ্যে দু’টি দেশের বন্ধুত্ব আরো বৃদ্ধি পাবে। এ ছাড়াও ড. আসিফ নজরুল সম্প্রতি সৌদি সফরের বিষয়ে সাংবাদিকদের জানান, সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী নারী কর্মীদের বৈধ করার সুযোগ তৈরি হয়েছে।


