পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনি ভূখণ্ডে ২১ মাস ধরে চলা তীব্র লড়াই বন্ধ করার প্রচেষ্টায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাতারের দোহায় আলোচনা চলছে। হামাস এবং ইসরায়েল শনিবার (১২ জুলাই) একে অপরকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ করেছে। এতে গাজা যুদ্ধবিরতি আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। খবর এএফপির।
কাতারে পরোক্ষ আলোচনা সম্পর্কে অবগত একটি ফিলিস্তিনি সূত্র এএফপিকে জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে ইসরায়েলি সেনা রাখার প্রস্তাব ৬০ দিনের বিরতির জন্য একটি চুক্তিকে আটকে গেছে।
তবে ইসরায়েলি পক্ষের এক ঊর্ধ্বতন রাজনৈতিক কর্মকর্তা আলোচনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামাসের অনমনীয়তা এবং ইচ্ছাকৃতভাবে একটি চুক্তিকে ব্যর্থ করার চেষ্টা করছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার গাজায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। ইসরায়েল বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে রাতভর বিমান হামলা চালিয়েছে।
গাজা শহরে বসবাসকারী বাসাম হামদান এএফপিকে বলেন, আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন একটি বিস্ফোরণ ঘটে। দুই ছেলে, একটি মেয়ে এবং তাদের মা অবস্থান করছিলেন।
তিনি আরও বলেন, ‘আমরা তাদের ছিন্নভিন্ন অবস্থায় দেখতে পেয়েছি, তাদের দেহাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে’।
এদিকে তেল আবিবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারের কাছে জিম্মি মুক্তির চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছে। হামাস এবং ইসরায়েল উভয়ই বলেছে, যদি একটি চুক্তি হয় তাহলে ২০২৩ সালের ৭ অক্টোবর যোদ্বাদের হামলার পর থেকে আটক ১০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যুদ্ধের স্থায়ী অবসানের জন্য আলোচনায় বসতে প্রস্তুত।


