‘পদত্যাগ করুন, কমলাকে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিন’

‘পদত্যাগ করুন, কমলাকে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিন’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে তার শেষ প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন একজন সাবেক ডেমোক্র্যাট। বাইডেনকে পদত্যাগ করে কমলা হ্যারিসকে দেশের প্রথম নারী প্রেসিডেন্ট করার অনুরোধ করেছেন হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমন্স। এমনকি তা অল্প সময়ের জন্য হলেও। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য।

সামাজিকমাধ্যমে এক পোস্টে সিমন্স লিখেছেন, ‘জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে চমৎকার কিন্তু তিনি পারেন তার শেষ প্রতিশ্রুতি পূরণ করতে। আর তা হলো নিজে পদত্যাগ করে কমলাকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দেয়া।’

এর আগে রোববার ( ১০ নভেম্বর) একটি টক শো চলাকালীন একই রকম পরামর্শ দিয়েছিলেন সিমন্স।

সিমন্স সিএনএনের ‘সিচুয়েশন রুম’কে সাক্ষাৎকারে বলেন,
জো বাইডেন একজন অসাধারণ প্রেসিডেন্ট। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার অনেকগুলোই পালন করেছেন। এর মধ্যে একটি প্রতিশ্রুতি বাকি আছে যা তিনি চাইলেই পূরণ করতে পারেন। তা হলো একজন ক্রান্তিকালীন প্রেসিডেন্ট হিসেবে আগামী ৩০ দিনের মধ্যে তার পদ থেকে পদত্যাগ করা। এর মধ্য দিয়ে কমলা হ্যারিসকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দেয়া।

‘এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিকে ঘুরিয়ে দেবে এবং কমলার পরবর্তী প্রেসিডেন্ট পদে নির্বাচন করা সহজতর হবে,’ বলেন সিমন্স।

তিনি বলেন, এছাড়া এই খবর সংবাদের শিরোনামে উঠে আসবে এবং মার্কিনিরা দেখতে পাবে ডেমোক্রেটরা কিভাবে চমক তৈরি করতে পারে। এটি আমাদের জন্য একটি চরম মুহূর্ত যেখানে ডেমোক্র্যাটরা পুরো প্রেক্ষাপট পরিবর্তন করে দিতে পারে।

বাইডেন প্রেসিডেন্সির মেয়াদ আছে এখনো ৭০ দিনের মতো। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মধ্য দিয়ে নতুন প্রশাসনের মেয়াদ শুরু হবে।

এদিকে এক প্রশ্নের জবাবে সিমন্স বলেন, বাইডেন যদি কমলাকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেন তাহলে এর চেয়ে ভালো আর কিছু হবে না। বলেন, এটি জো বাইডেনের নিয়ন্ত্রণের মধ্যে আছে। যদি তিনি তা করেন তবে তার শেষ একটি প্রতিশ্রুতি রক্ষা করা হবে এবং কমলা হবেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।

এর মধ্য দিয়ে ট্রাম্পকে আবার নতুন করে সব ঢেলে সাজাতে হবে। তার পরিকল্পনা ব্যাহত হবে। ট্রাম্পকে সবকিছু আবার রিব্রান্ড করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কমলার জন্য পরেরবার প্রেসিডেন্ট পদে লড়াটা সহজ হবে, জানান তিনি।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছেন ৬০ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

Related Articles