পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাবনার আটঘরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন তাদের মা। মৃত রাসেল হোসেন (১৩) ও ফারাজানা ইয়াসমিন (২৩) একই গ্রামের মো. হিরু ইসলামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মহররম উপলক্ষে শ্রমিকদের ছুটি থাকায় ফারজানা তাঁতের মেশিন চালাতে যান। এ সময় ফারজানা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে ছোটভাই এগিয়ে গেলে সেও স্পৃষ্ট হয়। এরপর দুজনকে উদ্ধার করতে তার মা এগিয়ে গেলে তিনিও স্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ভাই ও বোনকে মৃত ঘোষণা করেন। মায়ের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
নিহতদের বাবা হিরু ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজকে ছুটির দিনে শ্রমিকরা কাজে আসেনি তাই মেয়ে তাঁত চালাতে গেছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গেছিল। আমরা একটুও টের পাইনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুই কলিজার টুকরা একসঙ্গে আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি একদম এতিম হয়ে গেলাম। এ জীবনে আর বেঁচে থাকার দরকার নেই।
আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হবে।


