মাদরাসা ধ্বংসের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে জমিয়তে উলামায়ে হিন্দ

মাদরাসা ধ্বংসের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে জমিয়তে উলামায়ে হিন্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী বিল পাসের মাধ্যমে মাদরাসাবিরোধী যে কার্যক্রম জোরদার করেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মাদরাসা রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাবে তার সংগঠন।

গত ১ জুন উত্তর প্রদেশের আজমগড়ে অনুষ্ঠিত ‘তাহাফ্ফুজ-ই-মাদারিস’ সম্মেলনে মাওলানা মাদানী বলেন, বিভিন্ন রাজ্যে মাদরাসা, দরগাহ, কবরস্থান এবং ঈদগাহসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা ভারতের সংবিধান ও ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে যায়।

তিনি বলেন, “যারা মনে করেন মাদরাসা কেবল বই পড়ানোর জায়গা, তারা ইতিহাস ভুলে গেছেন। স্বাধীনতা আন্দোলনে এই প্রতিষ্ঠানগুলোর অবদান ছিল অনস্বীকার্য।”

মাওলানা মাদানী আরো অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ থাকার পরও মুসলিম সংখ্যাগরিষ্ঠ সীমান্তবর্তী এলাকায় নির্বিচারে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

জমিয়তের পক্ষ থেকে জানানো হয়, তারা এসব সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হবে এবং মাদরাসাগুলোর সাংবিধানিক অধিকার রক্ষায় শেষ পর্যন্ত আইনি সংগ্রাম চালিয়ে যাবে।

মাদরাসা পরিচালকদের উদ্দেশে মাওলানা মাদানী পরামর্শ দেন, “আপনারা যেন আপনার প্রতিষ্ঠানগুলো আইন অনুযায়ী পরিচালনা করেন, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখেন—যাতে ভবিষ্যতে কেউ কোনো অজুহাতে হস্তক্ষেপ করতে না পারে।”

সম্মেলনে স্পষ্ট করা হয়, জমিয়তে উলামায়ে হিন্দ মাদরাসার অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে কোনো আপস করবে না।

Related Articles