অনলাইনে দারস শুরু হচ্ছে জামিআ ইকরায়
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারুল উলূম দেওবন্দের নাহয ও তরিকায় পরিচালিত রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশে অনলাইনে শুরু হচ্ছে পবিত্র বুখারীর দারস। ১৭ জুন ২০২০ বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও জামিআ ইকরা বাংলাদেশ’র শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর দারসের মাধ্যমে শুরু হচ্ছে এ অনলাইন যাত্রা।
জামিআ ইকরা বাংলাদেশর রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, লকডাউন অবস্থায় বিশ্বজুড়েই যখন শিক্ষাকার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নবীয়ে করীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস চর্চার ধারা বন্ধ করে রাখার সুযোগ নেই। অনলাইনে দারসের সুযোগ যেহেতু আছে, স্বাস্থ্যবিধির সেখানে কোনো সমস্যা নেই। তাই জামিআ ইকরা বাংলাদেশ অনলাইনে দারস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা আমাদের উস্তাদ শাইখুল জামিআ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর দারসের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ।
এ বিষয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, অনলাইনে দারস শুরু করার বিষয়ে আমি খুব উৎসাহিত বোধ করছি। সময়টা নাজুক। স্বাস্থ্যবিধি রক্ষা করা জরুরি। কিন্তু কালা কালা- তথা হাদিস চর্চার ধারা তো বন্ধ থাকতে পারে না। অনলাইন একটি সুন্দর সুযোগ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমীন


