অনৈক্যের কারণে মুসলমানদের প্রাণের আল আকসা আক্রান্ত : আল্লামা মাসঊদ
পাথেয় টেয়েন্টিফোর ডটকম :: ফিলিস্তিন থেকে কেড়ে নেওয়া সেই বাইতুল আকসার ব্যাপারে সৌদি আরবও নমনীয় সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, মুসলমানদের পক্ষে আজ কেউ নেই। বিশ্বজুড়ে মুসলমানই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মিয়ানমার থেকে শুরু করে চীন পর্যন্ত সবখানে মুসলমানরা আজ মার খাচ্ছে। ফিলিস্তিনের মাটি দিন দিন কেড়ে নিচ্ছে ইসরাইল। আজকে আক্রান্ত আল আকসা মুসলমানদের প্রাণের মসজিদ। সৌদি আরবও সুর নরম করে কথা বলছে।
এক ও নেক হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সমগ্র জাতিকে এক ও নেক হওয়ার আহ্বান জানিয়েছিলেন শাইখুল ইসলাম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ.।
শুক্রবার (০৭ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মুসলমানদের বাঁচার জন্যই এক হও নেক হও-এর স্লোগান। একথা সবাই মানে। আমরা দাওয়াত, তালিম, তাজকিয়া ও মুজাহাদা ফি সাবিলিল্লাহ-এর মাধ্যমে কাজ করতে চাই।
ফরীদ উদ্দীন মাসঊদ জবানের দুআর চেয়েও কলবের দুআকে শক্তিশালী হিসেব আখ্যায়িত করেন।
পরে তিনি আগামী ১৪, ১৫ ও ১৬ তারিখে আহূত কিশোরগঞ্জের বেলঙ্কায় ইসলাহী ইজতেমায় যাওয়ার আহ্বান জানান।


